Barishaler Times

Header
collapse
...
Home / সারা দেশ / বরিশাল / বাকেরগঞ্জে বিদ্যালয়ে সন্ত্রাসী হামলা: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক হেনস্তা, পৌনে ৫ লাখ টাকা ছিনতাই ​হামলাকারী হিসেবে আওয়ামী লীগ নেতা স্বপন মৃধা ও লিয়াকত আলীর নাম প্রকাশ ​নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল):

বাকেরগঞ্জে বিদ্যালয়ে সন্ত্রাসী হামলা: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক হেনস্তা, পৌনে ৫ লাখ টাকা ছিনতাই ​হামলাকারী হিসেবে আওয়ামী লীগ নেতা স্বপন মৃধা ও লিয়াকত আলীর নাম প্রকাশ ​নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল):

2026-07-06  নিজস্ব প্রতিনিধি  56 views

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে এক ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমানের নির্দেশে তার পালিত একদল সন্ত্রাসী বিদ্যালয়ের লাইব্রেরীতে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলিমা আক্তার ও সহকারী শিক্ষক মামুনকে চরমভাবে অপমান, অপদস্থ ও হেনস্তা করেছে। এ সময় সন্ত্রাসীরা লাইব্রেরীর আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের পরীক্ষার ফি বাবদ সংগৃহীত নগদ ৪ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
​ভুক্তভোগী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলিমা আক্তার জানান, হামলাকারী সন্ত্রাসী বাহিনীর মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগ নেতা স্বপন মৃধা (খোকন) এবং সাবেক আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী সহ আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী।
​বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় আনিসুর রহমানের অবৈধভাবে বিদ্যালয়ে প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে। কিছুদিন আগে আনিসুর রহমান কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে প্রবেশ করেন। ওই সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলিমা আক্তার তার কাছে বৈধতার কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং মৌখিকভাবে হাইকোর্টের আদেশ রয়েছে বলে দাবি করেন।
​পরবর্তীতে বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে জানানো হলে, তিনি আনিসুর রহমানের সাথে আলোচনায় বসেন। সভাপতি তাকে স্পষ্ট জানিয়ে দেন যে, হাইকোর্টের মূল কাগজপত্র না আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। একই সাথে তিনি আনিসুর রহমানকে সঠিক নিয়ম অনুযায়ী আসতে বলেন অথবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে বিষয়টি অবগত করতে বলেন।
​সভাপতির পরামর্শ অনুযায়ী আনিসুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দ্বারস্থ হলে, ইউএনও মহোদয়ও তাকে প্রপার চ্যানেল ও সঠিক নিয়ম মেনে আসার নির্দেশ দেন।
​অভিযোগ রয়েছে, আইনি ও প্রশাসনিকভাবে ব্যর্থ হয়ে আনিসুর রহমান চরম ক্ষিপ্ত হন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যাতে ভয় পেয়ে নিজের দায়িত্ব পালনে অনিহা প্রকাশ করেন— সেই উদ্দেশ্যে তিনি পরিকল্পিতভাবে আজ বিদ্যালয় খোলার পরপরই তার পালিত সন্ত্রাসী বাহিনীকে লাইব্রেরীতে পাঠান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী স্বপন মৃধা (খোকন) ও লিয়াকত আলীর নেতৃত্বাধীন বাহিনী লাইব্রেরীতে প্রবেশ করে শিক্ষকদের ওপর চড়াও হয়। তারা ন্যাক্কারজনকভাবে শিক্ষকদের অপমান-অপদস্থ করে এবং টেবিলের ড্রয়ার ভেঙে শিক্ষার্থীদের থেকে পরীক্ষার ফি বাবদ আদায় করা নগদ ৪,৬৫,৮০০ (চার লক্ষ পঁয়ষট্টি হাজার আটশত) টাকা লুটে নেয়।
​এই ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। সচেতন মহল অবিলম্বে এই সন্ত্রাসী হামলা ও অর্থ ছিনতাইয়ের ঘটনার মূল হোতা আনিসুর রহমান, স্বপন মৃধা খোকন এবং লিয়াকত আলীসহ জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​এই বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "বিদ্যালয়ের পক্ষ থেকে ঘটনাটি আমাদের জানানো হয়েছে। শিক্ষকদের হেনস্তা ও অর্থ ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"


Share: