বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারে পাশেই একটি নতুন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরুকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতালের নিকটবর্তী স্থানে নতুন প্রতিষ্ঠানটির অনুমোদন ও কার্যক্রম শুরুর বিষয়ে প্রচলিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সরকারি হাসপাতালের আশপাশে একের পর এক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় সরকারি স্বাস্থ্যসেবার পরিবেশ ও মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে তারা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও দাবি করেন।
অভিযোগকারীরা আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা উন্নত ও আধুনিক করা। তাই সরকারি হাসপাতালের সংলগ্ন এলাকায় নতুন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনুমোদন প্রদানের ক্ষেত্রে আইন, নীতিমালা ও লাইসেন্সিং প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
স্থানীয়দের দাবি, বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনুমোদন, লাইসেন্স ও কার্যক্রমের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।